
পটুয়াখালীর দুমকীতে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উপজেলার অধিকাংশ কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত শিক্ষার্থী পেতে শিক্ষক-কর্মচারীরা এখন বাড়ি বাড়ি গিয়ে ভর্তি কার্যক্রমে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর দুমকীর ২৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০৭ জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬০ জন। সব মিলিয়ে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায় থেকে এবার ৮৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে উপজেলার কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মোট আসনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। ফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের তুলনায় আসন বেশি থাকায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা তৈরি হয়েছে।
ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থী সংগ্রহে মাঠে নেমেছেন। কয়েকটি দলে ভাগ হয়ে তারা উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা, ফলাফল ও অন্যান্য ইতিবাচক দিক তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করছেন।
একই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক যোগাযোগ করায় অনেক অভিভাবকও সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন। তাদের অনেকে বলছেন, পরিচিত শিক্ষকরা বাড়িতে এসে নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অনুরোধ করায় কাউকে সরাসরি না বলাও কঠিন হয়ে পড়েছে।
দুমকীতে একটি সরকারি কলেজের পাশাপাশি মহিলা কলেজ, সাধারণ কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, সরকারি জনতা কলেজে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক বেশি হওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে চাপ আরও বেড়েছে।
আজিজ আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. এবাদুল হক জানান, তাদের কলেজে একাদশ শ্রেণিতে ৪৫০টি আসন রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে মাত্র ৪১টি। শেষ পর্যন্ত আবেদনকারীদের সবাই ভর্তি হবে কি না, সেটিও নিশ্চিত নয়। ফলে শিক্ষার্থী সংকট নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
শুধু সাধারণ কলেজ নয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কারিগরি শিক্ষার সুযোগ, দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করা হলেও অনেক শিক্ষার্থী এখনো সাধারণ কলেজে ভর্তির দিকেই বেশি আগ্রহী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দুমকীর শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ করায় প্রতিযোগিতা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আরেকটি উদ্বেগ তৈরি হয়েছে ভর্তির এসএমএস নিয়ে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, কিছু প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে তাদের অনুমতি ছাড়াই এইচএসসি বা আলিমে ভর্তির এসএমএস পাঠিয়েছে। এতে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবক বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মতে, প্রতিবছর আসন নির্ধারণের সময় সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীসংখ্যা বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীর তুলনায় আসন বেশি থাকলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বাভাবিক প্রতিযোগিতা তৈরি হওয়ার পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক সংকটে পড়তে পারে।
তাদের দাবি, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী আসনসংখ্যা কমানো গেলে শিক্ষার্থী সংকট ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আসনসংখ্যার মধ্যে দীর্ঘমেয়াদি সমন্বয় না করা হলে ভবিষ্যতে এ সংকট আরও বাড়তে পারে। এতে একদিকে অনেক আসন খালি পড়ে থাকবে, অন্যদিকে শিক্ষার্থী ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতাও আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি