বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      
এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস সংকটে কিছুটা স্বস্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

প্রায় দুই মাস পর দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ থেকে সরবরাহ প্রায় স্বাভাবিক হওয়ায় শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের সংকট কিছুটা কমেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি এখনো বড়—দৈনিক প্রায় ১২৫ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে দৈনিক ২৬১ কোটি ঘনফুট। এর মধ্যে মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে পাওয়া গেছে ৯৯ কোটি ঘনফুট এবং দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ হয়েছে ১৬২ কোটি ঘনফুট।

গত ২১ জুলাই একটি ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর এলএনজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর আগে দুটি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। তখন দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুটের মধ্যে।

টার্মিনালে ত্রুটির পর সরবরাহ কমে যাওয়ায় শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হয়। একই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমে যায়। দেশের বিভিন্ন এলাকার আবাসিক গ্রাহকদেরও গ্যাসের চাপ কমে যাওয়ার ভোগান্তিতে পড়তে হয়।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহও কিছুটা বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলামের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎকেন্দ্রগুলো দৈনিক প্রায় ৮৭ কোটি ঘনফুট গ্যাস পেলেও এখন তা বেড়ে ৯৫ কোটি ঘনফুট হয়েছে। বরাদ্দ বাড়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ৫ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের হিসাবেও গ্যাস সরবরাহ বৃদ্ধির প্রভাব দেখা যাচ্ছে। মঙ্গলবার গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৫ হাজার ৪৭৪ মেগাওয়াট। সংকটের সময়ে এই উৎপাদন প্রায়ই ৫ হাজার মেগাওয়াটের নিচে বা কাছাকাছি নেমে এসেছিল।

তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও দেশের দীর্ঘদিনের গ্যাসঘাটতি এখনো কাটেনি। সরকারি হিসাবে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮৬ কোটি ঘনফুট। বিপরীতে বর্তমান সরবরাহ ২৬১ কোটি ঘনফুট। অর্থাৎ প্রতিদিন প্রায় ১২৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে, যা মোট চাহিদার প্রায় ৩২ শতাংশ।

আগস্টে দেশে গ্যাসের গড় সরবরাহ আরও কমে দৈনিক ২২৩ দশমিক ৫ কোটি ঘনফুটে নেমে এসেছিল। সে সময় নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া, ইউনিট বন্ধ রাখা কিংবা তুলনামূলক ব্যয়বহুল বিকল্প জ্বালানি ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়।

এদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমে প্রায় ১৬০ কোটি ঘনফুটে নেমে আসায় আমদানিকৃত এলএনজির ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। কাতার থেকে এলএনজি সরবরাহে বাধা তৈরি হওয়ায় চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকেও জরুরি ভিত্তিতে এলএনজি কিনতে হচ্ছে।

স্পট মার্কেটে এলএনজির দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। যুদ্ধের আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম যেখানে প্রায় ১০ থেকে ১২ ডলার ছিল, বর্তমানে তা প্রায় ৩০ ডলারে উঠেছে। ফলে সরবরাহ পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও বাড়তি দামের কারণে এলএনজি আমদানি দেশের জ্বালানি ব্যবস্থার জন্য বড় ব্যয়ের চাপ তৈরি করছে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #গ্যাসসংকট #গ্যাসসরবরাহ #এলএনজি #পেট্রোবাংলা #গ্যাস #বিদ্যুৎ #বিদ্যুৎউৎপাদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close