প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম

সংগৃহীত ছবি
নাটোরের সিংড়ায় সন্ত্রাস, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে নির্ভয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সিংড়াবাসীকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ ওবায়দুর রহমান, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, সিংড়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।