প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম

টানা ছয় কার্যদিবসের পতনের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে মোট ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩৬টির দর বেড়েছে, ২১টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৬১টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
তবে সূচক বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে। এদিন সেখানে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২ কোটি টাকা।
টানা কয়েকদিনের দরপতনের পর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় মঙ্গলবার দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ