দেশের শিল্প-কলকারখানায় নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে আগের অবস্থায় সরবরাহ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার রাত থেকেই শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরতে শুরু করবে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া সংকটের আগের অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়া হবে। শিল্পকারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্তকে ব্যবসায়ী মহলের জন্য বড় স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন তিনি।
ফজলুল হক বলেন, বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানের আশ্বাস। ব্যবসায়ীদের দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রীর এই আশ্বাস শিল্প উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
তবে ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বলতে ঠিক কোন মাত্রার সরবরাহ বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও নির্দিষ্ট কোনো পরিমাণ বা সরবরাহের বিস্তারিত সূচি জানানো হয়নি।
পরে এ বিষয়ে আরও জানতে চাইলে মো. ফজলুল হক জানান, আগস্ট মাসে সংকট ঘনীভূত হওয়ার আগের যে পরিস্থিতি ছিল, মূলত সেই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়ার কথাই বলা হয়েছে।
শিল্প উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করে আসছেন। ফলে সরকারের এই আশ্বাস বাস্তবায়িত হলে শিল্পকারখানার উৎপাদন, রপ্তানি ও সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে স্বস্তি ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।