প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারির মাধ্যমে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সন্দেহভাজন যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে আসা যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগেজের ইনভেন্টরি করে সেখান থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটে আসা যাত্রী শেপনের ব্যাগেজেও তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ভেপ উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে গুয়াংজু থেকে আসা একটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী শামিমা আক্তারের কাছ থেকে আরও ৪৬ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে সব মিলিয়ে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ এবং ১৪৪ পিস মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়েছে।
জব্দ করা এসব পণ্য কীভাবে দেশে আনা হয়েছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।
স্বদেশ প্রতিদিন/এস পি