প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিয়ে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর নজরদারি রাখতেও দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ