প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম

উপস্থাপনা ও মডেলিংয়ের ব্যস্ততার মাঝেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই ভক্ত-অনুরাগীদের সুখবরটি জানান পায়েল। ছবিতে নববধূর সাজে লাল জমকালো শাড়িতে দেখা যায় তাকে। পাশে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা।
বিয়ের খবর জানিয়ে ইসরাত পায়েল সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিয়ে করার চেয়ে সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ। তাই আল্লাহর কাছে তাদের একসঙ্গে সারাজীবন থাকার জন্য দোয়া চেয়েছেন তিনি।
পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার স্বামীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী এবং যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
বিয়েটি ঠিক কবে হয়েছে, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে। পরে মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন পায়েল। তিনি জানান, তাদের বিয়ে কয়েক দিন আগেই হয়েছে। একই সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ চাইলে তাদের সম্পর্ক সারাজীবন টিকে থাকবে এবং সবার কাছে তিনি তাদের জন্য দোয়া কামনা করেন।
দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে উপস্থাপক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বড় আয়োজনেও নিয়মিত উপস্থাপনা করতে দেখা গেছে তাকে।
২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন পায়েল।
এরপর দেশের একাধিক টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন। সময়ের সঙ্গে নিজের কাজের পরিধি বাড়িয়ে উদ্যোক্তা হিসেবেও পরিচিতি তৈরি করেছেন এই তারকা।
নতুন জীবনের শুরুতে ইসরাত পায়েল ও আল-আমিন চৌধুরীর জন্য ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসা অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি