প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম

রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টসংলগ্ন হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ এলাকার দুটি পৃথক স্থানে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। একজনকে শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের কাছে এবং অপরজনকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতের ওপর পড়ে থাকতে দেখা যায়। স্থানটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীতে।
পরে পথচারীরা বিষয়টি শাহবাগ থানায় জানালে থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনাস্থলে যান। সেখান থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই তৌফিক হাসান বলেন, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ