
সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, ‘দেশ পরিচালনায় সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হই।’
অনুষ্ঠানে বিভিন্ন বক্তার দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, ইনোভেশন বা উদ্ভাবন নিয়ে আলোচনায় আগামী দিনের কর্মপন্থার গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে এসেছে। এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে সবাইকে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সব সময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ