প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

টেস্ট ক্রিকেটে নতুন এক কীর্তি গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে তৃতীয় টেস্টে ২২০তম ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক নন—এমন ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের দখলে। ২১৯টি ক্যাচ নিয়ে স্মিথ রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। এবার পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডই ভেঙে নিজের করে নিলেন রুট।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আসে রুটের রেকর্ড গড়া ক্যাচ। অলি রবিনসনের করা বল আব্দুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে নিচু হয়ে স্লিপে থাকা রুটের দিকে যায়। দ্রুত নিচু হয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন ইংলিশ এই ব্যাটার।
রুটের হাতে ক্যাচ জমা পড়ার সঙ্গে সঙ্গেই মাত্র তিন বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। একই সঙ্গে রুট নিজের নাম লেখান টেস্ট ইতিহাসের বিশেষ এক রেকর্ডে।
মজার বিষয় হলো, এই রেকর্ডটি এর আগে রুটেরই ছিল। সর্বশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে রুটকে পেছনে ফেলে ২১৯ ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন স্টিভ স্মিথ। তবে এক সিরিজ পরই পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন রুট।
টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া উইকেটরক্ষক নন—এমন ফিল্ডারদের তালিকায় এখন ২২০ ক্যাচ নিয়ে সবার ওপরে জো রুট। ২১৯ ক্যাচ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন স্টিভ স্মিথ। এরপর রয়েছেন ভারতের রাহুল দ্রাবিড়, তার ক্যাচ ২১০টি।
তালিকায় চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তার ক্যাচ সংখ্যা ২০৫। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২০০ ক্যাচ নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।
রুটের সামনে অবশ্য আরও বড় একটি ব্যক্তিগত রেকর্ডের হাতছানি রয়েছে। টেস্টে তার বর্তমান রান ১৪ হাজার ২১৬। আর ১ হাজার ৭০৫ রান করতে পারলেই তিনি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।
টেস্টে ১৫ হাজার ৯২১ রান নিয়ে এখন পর্যন্ত এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন। ফলে ক্যাচের রেকর্ডের পর ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে জো রুটের সামনে।
একই সঙ্গে ব্যাটিং ও ফিল্ডিং—দুই বিভাগেই ধারাবাহিকতার প্রমাণ দিয়ে চলেছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া ক্যাচ তাই তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকল।
স্বদেশ প্রতিদিন/এস পি