প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার বিস্তার রোধে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন মাসব্যাপী এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়ানো। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকার দীর্ঘমেয়াদি এই অভিযান হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।
সরকারের এই উদ্যোগে শুধু সংশ্লিষ্ট দপ্তর বা স্থানীয় প্রশাসন নয়, সাধারণ নাগরিকদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিন মাসের এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দেশব্যাপী এই বিশেষ অভিযান।
স্বদেশ প্রতিদিন/এস পি