প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। পরে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে সে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরও ইংরেজি বিষয়ে তার অকৃতকার্য হওয়ার অবস্থান অপরিবর্তিত থাকে।
এরপর ফল নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ফাহমিদা। বৃহস্পতিবার একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর তারা পেয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ