প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা আরও বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
দীনেশ ত্রিবেদী ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক নিয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ফলে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাৎ দুই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি