
উয়েফার সহযোগিতায় ২০২৬ সালের ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক মনোনয়ন তালিকা প্রকাশ শুরু করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।
ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য, শিরোপা অর্জন এবং মাঠে সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে এবারের তালিকা তৈরি করা হয়েছে। গত মৌসুমে ইউরোপীয় লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৬ বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে এবারের পুরস্কারের লড়াইও বেশ জমজমাট হয়ে উঠেছে।
মনোনয়ন প্রকাশের শুরুতেই বর্ষসেরা নারী ক্লাবের তালিকা ঘোষণা করা হয়। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনাকে এই বিভাগে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ।
বর্ষসেরা পুরুষ ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ আর্সেনাল। তাদের সঙ্গে লড়াইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ, নরওয়ের বোদো/গ্লিম্ট, ব্রাজিলের ফ্লামেঙ্গো এবং ফরাসি জায়ান্ট পিএসজি।
বর্ষসেরা নারী কোচের তালিকায় মনোনীত হয়েছেন লিওঁর জোনাথন গিরাল্ডেজ, ম্যানচেস্টার সিটির আন্দ্রে জেগলার্টজ, জাপান জাতীয় দলের নিলস নিলসেন, বার্সেলোনার পেরে রোমেউ এবং সেল্টিকের এলেনা সাদিকু।
পুরুষদের বর্ষসেরা কোচের মনোনয়ন তালিকায় স্প্যানিশ কোচদের আধিপত্য দেখা গেছে। এতে জায়গা পেয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, স্পেন জাতীয় দলের লুইস দে লা ফুয়েন্তে, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং পিএসজির লুইস এনরিকে। তাদের সঙ্গে রয়েছেন বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।
তবে এই তালিকায় বেশ কয়েকজন তারকা কোচের অনুপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়ন পাননি বার্সেলোনার হানসি ফ্লিক, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
বর্ষসেরা নারী গোলরক্ষকের তালিকায় রয়েছেন জার্মানির অ্যানে-ক্যাথরিন বার্জার, স্পেনের কাটা কল, ইংল্যান্ডের হ্যানা হ্যাম্পটন, ব্রাজিলের লোরেনা এবং জাপানের আয়াকা ইয়ামাশিতা।
পুরুষ গোলরক্ষকদের জন্য নির্ধারিত ‘ইয়াসিন ট্রফি’র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ১০ জন। তারা হলেন হোয়ান গার্সিয়া, ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেস, গ্রেগর কোবেল, এদুয়ার্দ মেন্ডি, ডেভিড রায়া, উনাই সিমন, কেপ ভার্দের ভোজিনিয়া এবং রাশিয়ার মাতভে সাফোনভ।
তরুণ ফুটবলারদের জন্য নির্ধারিত ‘কোপা ট্রফি’র লড়াইয়েও রয়েছে বেশ কয়েকজন আলোচিত প্রতিভা। মরক্কোর আইয়ুব বুয়াদ্দি ও আলজেরিয়ার ইব্রাহিম মাজা প্রতিদ্বন্দ্বিতা করবেন স্পেনের লামিন ইয়ামাল ও পাউ কুবার্সির সঙ্গে। এ ছাড়া তালিকায় রয়েছেন লেনার্ট কার্ল, এলি জুনিয়র ক্রুপি ও ওয়ারেন জাইর-এমেরির মতো উদীয়মান তারকারাও।
বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ী। খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণও বিবেচনায় নেবেন ভোটাররা।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের ব্যালন ডি’অরের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম ফ্রান্সের বাইরে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ