প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম

ইরান যুদ্ধের পর জ্বালানি রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ রাখতে বিকল্প পরিবহন ও বাণিজ্যিক করিডোর গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পূর্ব উপকূলে বন্দর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পাইপলাইন, রেলপথ ও বিকল্প বাণিজ্যপথ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আবুধাবিতে আয়োজিত এক ফোরামে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে জ্বালানি সরবরাহ ও রপ্তানিতে সম্ভাব্য ঝুঁকি কমাতেই বিকল্প পথ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
গারগাশের মতে, ইরানের সঙ্গে কার্যকর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং তা প্রয়োজনও। তবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনা তুলনামূলকভাবে কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার কারণে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, গত আগস্টে ইউএই ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন স্থগিত করেছে।
এদিকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলার পর দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়ারও সমালোচনা করেন গারগাশ। তাঁর ভাষ্য, ইরান থেকে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই মোটামুটি অভিন্ন ধারণা ছিল। তবে সেই উপলব্ধিকে যথেষ্ট ঐক্যবদ্ধ ও কার্যকর কৌশলগত পদক্ষেপে রূপ দিতে দেশগুলো ব্যর্থ হয়েছে।
ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরও সমন্বিত এবং দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন গারগাশ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ