প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৭:১০ PM

নৌপথে দুর্ঘটনা কমানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চের চলাচল নিরুৎসাহিত করছে সরকার। এর পরিবর্তে মালিকদের দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নৌপথে দুর্ঘটনা কমানো এবং বর্ষা ও দুর্যোগপূর্ণ মৌসুমে উপকূলীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন নৌপরিবহন মন্ত্রী।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ-মন্ত্রণালয়ের জারি করা ‘স্থায়ী আদেশ’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তাদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চ বহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বড় লঞ্চ যুক্ত হওয়ায় দুর্ঘটনা অনেকাংশে কমেছে।
দুর্ঘটনা রোধে সরকারের পদক্ষেপ
১. নির্ধারিত সময়ের আগে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা ঠেকাতে রুট ডিক্লারেশন ব্যবস্থা।
২. নৌ-সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার এবং টার্মিনালে মেগাফোনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।
৩. গুরুত্বপূর্ণ নদীবন্দরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা।
৪. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্ট নৌযানের যাত্রা স্থগিত করা।
৫. ফিটনেসবিহীন ও নিবন্ধনহীন নৌযানের চলাচল বন্ধে বিআইডব্লিউটিএর নিয়মিত অভিযান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ