
শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানো হবে।
তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে এবার পুরস্কারের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মধ্য থেকে বাছাই করা ১০০ জনকে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
শিক্ষকদের আচরণবিধি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের আচরণ ও মূল্যবোধের মাধ্যমে সমাজ আলোকিত হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে তিনি জানান, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের কন্ট্রিবিউশনের বকেয়া অংশ পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও পর্যায়ক্রমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা পাবেন।
সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ