প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের কারণে দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি সংকটের প্রভাবে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকিও ক্রমেই বাড়ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। তাই সংকটকে শুধু ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে। রাখাইনে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থন প্রয়োজন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়ে না ফেলে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ, প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সংকটটির প্রতি আরও সক্রিয় মনোযোগ দেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে সমন্বিত ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ এবং সহযোগিতা আরও বাড়ানো জরুরি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ