প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পিএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল।
শুক্রবার এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে শতাধিক মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২৬ দিন সমুদ্রে ভেসে থাকার পর বুধবার নৌকাটির সন্ধান পাওয়া যায়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নৌকাটি গত ৭ আগস্ট পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা করেছিল। দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার কারণে নৌকাটিতে থাকা যাত্রীদের অনেকেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পেনের মেরিটাইম রেসকিউ অ্যান্ড সেফটি সোসাইটি ক্যানারি দ্বীপপুঞ্জের আরগুইনেগুইন শহর থেকে প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায়।
পরে রাত ১১টার দিকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নৌকায় থাকা ৪৪ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাদের দ্রুত হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্য উদ্ধার হওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার ভোরে আরগুইনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়।
নৌকাটিতে থাকা বিপুলসংখ্যক মানুষের মৃত্যু স্পেনের উপকূলে অভিবাসন সংকটের ভয়াবহ বাস্তবতাকে আবারও সামনে এনেছে। দীর্ঘ সমুদ্রযাত্রায় খাদ্য, পানি ও চিকিৎসার অভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো। তিনি বলেন, আটলান্টিক মহাসাগর যেন মানুষের মৃত্যুর পথে পরিণত হয়েছে—এ বিষয়টিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।
ক্যানারি দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ঝুঁকিপূর্ণ নৌযানে করে আটলান্টিক পাড়ি দেওয়ার সময় প্রতিবছর বহু অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
স্বদেশ প্রতিদিন/আরএম