| শিরোনাম: |

সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে
জাপান। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার দল নিয়ে আয়োজিত আন্তর্জাতিক
টুর্নামেন্টে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের
সঙ্গে অংশ নেবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর। আয়োজকেরা বৃহস্পতিবার
বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিফা আন্তর্জাতিক বিরতিতে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে
টুর্নামেন্টটি। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে
স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। পরদিন একই ভেন্যুতে
মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল।
১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। শেষ দিনে
ব্রাজিলের বিপক্ষে খেলবে সিঙ্গাপুর। একই দিনে প্যারাগুয়ের মুখোমুখি হবে
জাপান।
সর্বশেষ বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে
বিদায় নিয়েছিল জাপান। অন্যদিকে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে
বিদায় নেয় ব্রাজিল। ফলে নভেম্বরে জাপানের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্যও
নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হবে।
বিশ্বকাপের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে
কার্লো আনচেলত্তির ব্রাজিল। আগামী ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯
সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের
মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে ভারতের কোচ খালিদ জামিল ইতোমধ্যে
২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ভারতের অনুশীলন
শুরু হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচএন