প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:১৭ PM

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে নগরের হালিশহরের দবিরখাল এলাকায় ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার তোলার প্রক্রিয়া চলছিল।
অভিযানে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সার জব্দ করা হয়। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এসব বস্তায় মোট প্রায় ১১ হাজার কেজি সার ছিল। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা সার ও ট্রাক এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
স্বদেশ প্রতিদিন/আরএম