বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
‘সভাপতি’ বিতর্কে সংসদ ছাড়লেন জামায়াতের এমপিরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ AM

ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার রাতে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হলেও কোনো কমিটির সভাপতি পদেই বিরোধী দলের কাউকে না রাখার প্রতিবাদে বিরোধী দলের অধিকাংশ সদস্য সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

তবে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেওয়া হয়নি।

জাতীয় সংসদে বর্তমানে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত কমিটি। এখন পর্যন্ত ২৫টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ১৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত।

বিরোধী দলের দাবি, জুলাই জাতীয় সনদে আসনসংখ্যার অনুপাতে ৫০টি কমিটির মধ্যে বিরোধী দলের ১৪টি কমিটির সভাপতি হওয়ার সুযোগ থাকার কথা। এর মধ্যে ১০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসাব-সম্পর্কিত কমিটি ছাড়া আর কোনো কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হয়নি।

বুধবার ১০টি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূরুল ইসলাম। প্রস্তাবটি পাস হওয়ার পর দেখা যায়, এসব কমিটির কোনোটিতেই বিরোধী দলের কোনো সদস্যকে সভাপতি করা হয়নি। এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তাহেরের অভিযোগ, সরকারি দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা সংসদে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, আসনসংখ্যার অনুপাতে কমিটির সদস্য মনোনয়নের ক্ষেত্রে বিরোধী দলের ২৬ শতাংশ অংশগ্রহণ মেনে নেওয়া হলেও সভাপতি পদে একই ধরনের অংশীদারত্বের প্রত্যাশা পূরণ করা হয়নি।

তিনি আরও দাবি করেন, সরকারি দলের পক্ষ থেকে একপর্যায়ে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতি পদ দেওয়ার কথা জানানো হয়েছিল এবং সে অনুযায়ী তালিকাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হয়নি।

তাহের বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছাই যদি সংসদের সিদ্ধান্তে পরিণত হয়, তাহলে সেটি গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয়। ভবিষ্যতেও একইভাবে কমিটি গঠন করা হলে বিরোধী দলের সদস্যরা সংসদে না থাকার সিদ্ধান্ত নিতে পারেন বলেও তিনি সতর্ক করেন।

তার বক্তব্যের পর বিরোধী দলের অধিকাংশ সদস্যকে আসন ছেড়ে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে এনসিপির হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন বিরোধী সদস্য কক্ষে থেকে যান।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, আসনসংখ্যার অনুপাতে কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দিতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতীতের সংসদীয় ইতিহাসেও এর বাধ্যতামূলক নজির নেই বলে তিনি দাবি করেন।

বিরোধী দলকে ১০টি সভাপতি পদ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত ওই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের পর সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হবে। তখন আসনসংখ্যার অনুপাতে বিরোধী দল সভাপতি পদ পাবে বলে তিনি উল্লেখ করেন।

তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করছে না—এমন অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, একদিকে সনদের ভিত্তিতে কমিটিতে আনুপাতিক প্রতিনিধিত্ব দাবি করা এবং অন্যদিকে সনদ বাস্তবায়নে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।

কমিটির সভাপতি পদ নিয়ে এই বিরোধ নতুন নয়। এর আগেও গত রোববার সরকারি ও বিরোধী দলের মধ্যে একই বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল। বুধবার নতুন করে ১০টি কমিটি গঠনের পর সেই বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়।

সংসদীয় কমিটিগুলো সরকারের জবাবদিহি, মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে এসব কমিটির নেতৃত্বে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক আগামী দিনগুলোতে সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।


আরও সংবাদ   বিষয়:  জাতীয়_সংসদ বিরোধী_দল সংসদীয়_কমিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close