প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী দুবাই এয়ার শোতে প্রদর্শনী উড়ান শেষে ভারতের একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ে।
শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। এতে বিমানের পাইলট নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) দুর্ঘটনায় পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)–এর তৈরি তেজস বিমানটি এয়ার শোর দর্শকদের জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে পিটিআই জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—বিমানটি দ্রুত নিচে নেমে আসে, এরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনে পুরো বিমান দাউদাউ করে জ্বলে ওঠে।
এক বিবৃতিতে আইএএফ জানায়, “দুবাই এয়ার শোতে প্রদর্শনী উড়ানের সময় আইএএফ-এর একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পাইলটের দুঃখজনক মৃত্যু হয়েছে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” দুর্ঘটনের কারণ অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হবে বলেও জানায় আইএএফ।
গত সোমবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া দুবাই এয়ার শোতে মোট ২১টি দেশের প্যাভিলিয়ন অংশ নিয়েছে। শোয়ের শেষদিনে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে তেজসের প্রদর্শনী উড়ান শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ঘটে দুর্ঘটনা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে