প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:১৮ AM আপডেট: ২১.১১.২০২৫ ১:৩১ এএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয়ায় এখন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ