প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১জন পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত (৩৩)। উনারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়। এবং দলের গাইড হিসেবে ছিলেন রুমা সদর ইউনিয়নের বড়ুয়াপাড়ার স্বপন বড়ুয়া (৩৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ১৩ সদস্যের পর্যটক দল বগালেক
থেকে চাঁদের গাড়িতে করে কেওক্রাডংয়ের উদ্দেশে রওনা দেয়। তারা পেঁপে বাগান
এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১১ পর্যটক আহত
হয়েছেন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, ভোরে বগালেক থেকে কেওক্রাডংমুখী যাত্রীবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”