প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ১:১৪ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণেই রপ্তানি স্থগিত রাখতে হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কবে রপ্তানি স্বাভাবিক হবে তা নিয়েও তারা অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ ও শুঁটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে বিশেষ একটি সার্টিফিকেট নিতে হয়। গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট আর ম্যানুয়ালি নয়, বরং অনলাইনে ইস্যু করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো অনলাইন ব্যবস্থার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, “বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির জন্য প্রস্তুত ছিলাম। সার্টিফিকেট নিতে গেলে জানা যায় অনলাইনের বাধ্যবাধকতার কথা। পরে এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে বিভিন্ন প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো সম্ভব হয়। তবে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই রপ্তানি করা যাবে না।”
এ অবস্থায় বাধ্য হয়েই আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে