প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:০১ AM

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’-র কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে হার সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে টাইগাররা। একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট অর্জন করলেও নেট রান রেটের ব্যবধানে আফগানিস্তান বাদ পড়ে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
দোহায় টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই প্রভাব বিস্তার করেন টাইগার পেসার আবু হায়দার রনি। দলের ২৩ রানের মধ্যে সাজঘরে ফেরান দুই ওপেনার নিশান মাদুশকা ও ভিশেন হালামবাগেকে। ৫১ রানের মধ্যেই লঙ্কানদের চার উইকেট পড়ে যায়। রাকিবুল হাসান ও আবদুল গাফফার সাকলাইন নেন আরও দুটি উইকেট।
সংকট কাটিয়ে লঙ্কানদের উদ্ধার করেন সাহান আরাচিগে। ৪৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংসে দলকে টেনে তোলেন তিনি। দুনিথ ভেল্লালাগের ১৪ বলে ২৩ ও রমেশ মেন্ডিসের ১৮ বলে ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে রনি ও রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট।
বাংলাদেশের লড়াই
জবাবে দুর্দান্ত শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তবে কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সোহান ১৪ বলে ২৭ ও জিসান ১৬ বলে ১৭ রান করে আউট হন। তিন নম্বরে নেমে জাওয়াদ আবরার ২৩ বলে ২৬ রানে কার্যকর সময় কাটান।
শেষ দিকে ম্যাচের ভার এসে পড়ে অধিনায়ক আকবর আলী, মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী এবং এস এম মেহেরবের কাঁধে। কিন্তু রানচাপের কাছে হার মানেন সবাই। ২৬ বলে ২৫ করে আউট হন অধিনায়ক আকবর। অঙ্কন ১০ বলে ৮ রান করেন।
ইনিংসের শেষদিকে ইয়াসির (১৭ বলে ২০) ও মেহেরব (১৪ বলে ১৬*) চেষ্টা করলেও শেষ ওভার থেকে প্রয়োজনীয় ১৮ রান তুলতে পারেনি দল। ফলে ৬ রানে হার মেনে ১৫৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুনিথ ভেল্লালাগে।
সেমিফাইনাল লাইন-আপ: সেমিফাইনাল ১: বাংলাদেশ বনাম ভারত, সেমিফাইনাল ২: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।
গ্রুপে সমান পয়েন্ট নিয়ে তিন দল শেষ করলেও নেট রান রেটে এগিয়ে থেকেই সেমির টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে