প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ AM

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) পরিচালিত এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, অন্তত তিনটি এলাকায় ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি অঞ্চল, গাজা সিটির পূর্বাংশের ব্যস্ত শুজাইয়া এলাকা যেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল এবং জেইতুন পাড়ার একটি আবাসিক ভবন।
হানি মাহমুদের মতে, জেইতুনের ওই ভবনে হামলায় একই পরিবারের সব সদস্যসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এসব হামলার পর গাজাজুড়ে আতঙ্ক আরও বেড়ে গেছে।
আল জাজিরার প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার মানুষ প্রতিদিনই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। চলমান সহিংসতার মাঝে ফিলিস্তিনিরা এখনও প্রাণ হারাচ্ছেন।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, অনুমোদিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করায় তারা হামলা চালিয়েছে। এছাড়া খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যদের গুলির জবাব হিসেবেও বিমান হামলা পরিচালনা করা হয়েছে বলে জানায় তারা।
অন্যদিকে, হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড শীত। আশ্রয়শিবির ও আশপাশে শত শত পরিবার অস্থায়ী ঘর ও তাঁবুতে মানবেতর জীবন যাপন করছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বৃষ্টিভেজা স্যাঁতসেঁতে পরিবেশে উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ শিশু বসবাস করছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে