প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম

প্রত্যেক জেলায় আলাদা জেলা ক্রিকেট সংস্থা গঠন হবে: আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রত্যেক জেলায় আলাদা জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে।
তিনি বুধবার বিকেলে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পঞ্চগড় জেলার ক্রীড়া সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শীঘ্রই শুরু হবে। তিনি উল্লেখ করেন, ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে কেনা সরঞ্জামগুলো খেলার উপযোগী নয়, এ বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।
আসিফ আকবর আরও বলেন, সম্প্রতি এজ গ্রুপ ক্রিকেটে মাদ্রাসা শিক্ষার্থীদেরও সংযুক্ত করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মাদ্রাসা শিক্ষার্থীদের জাতীয় দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা প্রতিটি শিশুকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো।”
তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের উল্লেখ করে বলেন, এটি গত দশ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এবার স্কুল ক্রিকেটারদের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। তিনি জানান, দেশের প্রায় ২৩ লাখ নতুন প্রজন্ম মাদকাসক্ত, এবং প্রায় দেড় কোটি মানুষ নেই, তাদের পরিবারও দুর্ভোগে রয়েছে। এছাড়া প্রায় ৫ কোটি মানুষ নিষ্ক্রিয়। আমাদের লক্ষ্য হলো ক্লাস চার থেকে শুরু করে বাংলাদেশে ক্রিকেটকে বছরে ৮ মাস খেলোয়াড়দের জন্য সক্রিয় রাখা এবং মেয়েদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামানসহ ক্রিকেট সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিবির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, বিসিবির আম্পায়ার সাকির, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, আম্পায়ার, অভিভাবক এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।