প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে তাপমাত্রা বিরাজ করছে ১৪ ডিগ্রির ঘরে। দুদিন ১২ ডিগ্রিতে তাপমাত্রা নামলেও আবার ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে গত পাঁচদিন ধরে। একই তাপমাত্রা থাকার কারণে রাতে তাপমাত্রা কমে আসলে শীতের মাত্রা বেড়ে যায়। তবে দিনে রৌদ্রজ্জল থাকায় তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩০-৩১ ডিগ্রির মধ্যে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এভাবে গত তিনদিনও ১৪ ডিগ্রির মধ্যেই রেকর্ড হয়েছে তাপমাত্রা।
সকাল থেকেই দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় সকাল ৯টার পর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। দিনভর বেশ উষ্ণতা থাকার পর বিকেল ৪টার পর থেকেই পাহাড়ি হিমেল হাওয়ায় অনুভূত থাকে শীত। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীত। মাঝরাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি অনুভব করে এ অঞ্চলের মানুষ।
এদিকে দিনে-রাতে দু’রকমের আবহাওয়ার কারণে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। জেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত কাশি, সর্দি, শ্বাসকষ্ট ও ডায়েরিয়া ও নিউমোনিয়া নিয়ে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন নানান বয়সি রোগীরা। এদের মধ্যে বেশিরভাগ শিশু। এসব রোগে অনেকে ভর্তি হলে রোগীর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে।
চিকিৎসকরা বলছেন, শীত আসলেই বিভিন্ন শীতজনিত রোগ বৃদ্ধি পায়। এ সময় রোগীরা কাশি, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা সেবা নেন। বিশেষ করে শিশু ও বেশি বয়স্করা সর্দি, কাশি, নিউমনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হন। এবারও একই অবস্থা দেখা যাচ্ছে। আমরা সচেতনের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই ১৪-১৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে