প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:০১ পিএম

সপ্তাহ দুয়েক আগে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় ভারত। এবার সেই মাঠেই ফের শুরু হতে যাচ্ছে নারী ক্রিকেটের আরেক জমজমাট আসর। আগামী মৌসুমের নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যেসব মাঠ বিবেচনায় নিয়েছে, তার মধ্যে রয়েছে মুম্বাইয়ের এই ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং বড়োদরার কোটাম্বি স্টেডিয়াম।
আগামী বছর অনুষ্ঠিত হবে ডব্লিউপিএলের চতুর্থ আসর। এখনও পর্যন্ত হোম-অ্যাওয়ে ফরম্যাট চালু না হওয়া নারী আইপিএল এবার তিনটির বদলে মাত্র দুটি ভেন্যুতে আয়োজন করা হবে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম পর্ব চলবে মুম্বাইয়ে, আর দ্বিতীয় পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে বড়োদায়।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ৭ জানুয়ারি থেকে শুরু হবে নারী আইপিএলের নতুন মৌসুম, এবং ৩ ফেব্রুয়ারি হবে ফাইনাল। বড়োদায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। এর আগে একই ভেন্যুতে ১১ জানুয়ারি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপসহ জাতীয় দলের ব্যস্ত সূচি ও বিভিন্ন বিদেশি লিগের সময়সূচি বিবেচনায় এনে জানুয়ারিকেই বেছে নিয়েছে বোর্ড।
তবে এখনো মাঠ চূড়ান্ত করার সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। বোর্ডের অভ্যন্তরে আলোচনা চলছে, আর ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ