আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, আধুনিক, সমৃদ্ধিশালী এবং যুগোপযোগী রাষ্ট্র গঠন করতে হলে শিক্ষিত মানুষ তৈরি করে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা হাই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ড. এম এ কাইয়ুম বলেন, “আমাদের নবী জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে পর্যন্ত যেতে বলেছেন। পড়াশুনা ছাড়া নিজেকে এবং দেশ ও জাতিকে নেতৃত্ব প্রদান করা সম্ভব হবে না। তাই তোমাদের উচিত আগামীর জন্য প্রস্তুত হওয়া।”
ড. এম এ কাইয়ুম বলেন, “ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো অপকর্ম নেই যে শেখ হাসিনা করেনি। গুম-খুন-হত্যা-নির্যাতন সবই করেছে, তবুও সে টিকে থাকতে পারেনি। এ দেশে ব্রিটিশ কিংবা পাকিস্তানিরাও বল প্রয়োগ করে টিকে থাকতে পারেনি। দেশের মানুষ আগে থেকেই স্বাধীনচেতা, এখানে কোনো অত্যাচারীর ঠাঁই হয়নি এবং হবে না।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “রাষ্ট্র সব করে দিবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের সংস্কার কার্যক্রম করতে হবে। স্বৈরাচার এই দেশের ভিত্তি নষ্ট করে দিয়েছে, এখন আমাদের দায়িত্ব একটি সুন্দর এবং সুষ্ঠু দেশ গঠন করা। আপনারা আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশ থেকে সন্ত্রাস-চাঁদাবাজ-দখলদারদের বিলুপ্তি গঠবে। আপনাদের সবার সহযোগিতায় ঢাকা ১১ আসনকে একটি অপরাধমুক্ত আসন হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ্”
ভোট চেয়ে তিনি বলেন, “বিগত ১৭ বছর আমরা-আপনারা কেউই ভোট দিতে পারিনি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ভোট দিতে যাবেন। মানুুষ ভোট না দিতে দিতে তাদের ভোটের আগ্রহ হারিয়েছে। তবে এবার আপনারা যাবেন, কারণ এবারের নির্বাচনটা হবে সুষ্ঠু নির্বাচন। তাই নিজের পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার রাস্তা প্রসারিত করে দিবেন।”
আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান উল্লেখ করে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “এর আগে আমি এই এলাকার কমিশনার ছিলাম। ৯১সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন আমরা এই এলাকায় গ্যাস-পানিসহ মৌলিক অধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ কাজ করে গিয়েছি। এখন যেহেতু আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, আপনারা ভোট দিতে যাবেন। এবং বিএনপিকে ভোট দিবেন।”
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বাড্ডা হাই স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ।