প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:৪০ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু থেকে ভিপি ও জিএসসহ মোট পাঁচজন সদস্যকে মনোনীত করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত জাকসুর তৃতীয় কার্যনির্বাহী বৈঠকে নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মনোনীতদের মধ্যে রয়েছেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর। বৈঠকে উপস্থিত সদস্যরা জানান, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সিনেটে অংশগ্রহণ জাকসুর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি, এবং মনোনীত পাঁচ শিক্ষার্থীই তাদের অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থ তুলে ধরতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই পাঁচজন সিনেট প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেটে সক্রিয় ভূমিকা রাখাই হবে মনোনীতদের প্রধান দায়িত্ব। জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু জানান, আগের সভায় বিষয়টি সিদ্ধান্ত পর্যায়ে পৌঁছায়নি। তাই তৃতীয় কার্যনির্বাহী বৈঠকে আলোচনা শেষে অধিকাংশের মতামত অনুসারে নামগুলো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে আরও আলোচিত হয় শিক্ষকদের বিচার ব্যবস্থা, একাডেমিক সংস্কার, নাম্বার টেম্পারিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং জাকসু ফান্ড সংক্রান্ত নানা এজেন্ডা। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে