প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:২২ AM

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কণ্ঠসদৃশ ভয়েস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে, এমন তথ্য জানিয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বার্থান্বেষী মহল ফেসবুকে প্রচারমূলক বিজ্ঞাপন বা আর্থিক প্রলোভনমূলক কনটেন্টে ভিডিওটি ব্যবহার করছে। ভিডিওতে দেখানো বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা উপদেষ্টার কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিডিওটি সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি, যাতে ব্যাকগ্রাউন্ডে উপদেষ্টার ছবি ব্যবহার ও ভয়েস জুড়ানো হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।
অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ শুরু করেছে। মন্ত্রণালয় জনগণকে অনুরোধ করেছে, যাচাই-বাছাই না করে ভিডিও/নিউজ দেখার পর আর্থিক লেনদেন বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে