প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৩৪ AM

রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মধ্যবাড্ডা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “আগুন কীভাবে লেগেছে বা কেউ লাগিয়েছে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ হয়।
এ ছাড়া মিরপুর, শ্যামপুর ও কারওয়ানবাজার এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে