প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৫০ AM

ঢাকার ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ডে থেমে থাকা ডি-লিঙ্ক পরিবহনের কয়েকটি বাসের মধ্যে ঢাকা মেট্রো-ব-১৫-৬১৭৯ নম্বর বাসটির জানালা খোলা ছিল। এসময় একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে বাসটির খোলা জানালা দিয়ে কিছু নিক্ষেপ করে দ্রুত চলে যায়। সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। বাসটির ভেতরে তখন কেউ ছিল না।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরে কয়েকটি সিট পুড়ে যায় বলে নিশ্চিত করেছেন ডি-লিঙ্ক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে