মাদক-চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন: ড. এম এ কাইয়ুম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, সবাই যার যার অবস্থানে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে এলে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করা সম্ভব। এজন্য তিনি এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা একজন মানুষকে আলোকিত করে। শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত। এই দেশে স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। স্বৈরাচার এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই দেশকে গড়ে তুলতে তোমাদের প্রস্তুত হতে হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনাময় আধুনিক বাংলাদেশ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন ড. এম এ কাইয়ুম।
এসময় তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। মেরুদণ্ডহীন মানুষ যেমন স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, মানসম্পন্ন শিক্ষা ছাড়া একটি জাতিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পৃথিবীতে এমন একটি দেশ বা জাতির উদাহরণ দেওয়া যাবে না, যারা শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব না দিয়ে টেকসই উন্নয়ন অর্জন করতে সমর্থ হয়েছে।
বিগত ১৭ বছর বাংলাদেশকে একটি জেলাখানায় পরিণত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, এই বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, আইনের শাসন থাকবে। আগামীদিনে এই বিষয়গুলো আমরা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আমরা মাদক থেকে রক্ষা করবো। সমাজের প্রতিটি ক্ষেত্র মাদকমুক্ত করবো। এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত করতে হবে। সমাজের যেখানেই যে অন্যায়-অত্যাচার করবে তাকে সেখানেই প্রতিহত করতে হবে।
এসময় খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বাড্ডা জাগরণী সংসদের জার্সি উদ্বোধন করেন।
স্বদেশ প্রতিদিন / এমএস