প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:০৭ AM

সংগৃহীত ছবি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেছেন, “এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপির সাধারণ সদস্য হওয়ার যোগ্য নন। একজন মানুষের সাধারণ শিষ্টাচার তার মধ্যে নেই। তিনি প্রায়ই নেশাগ্রস্ত ব্যক্তির মতো কথা বলেন। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে যে ধরনের মন্তব্য তিনি করেন, তা কাম্য নয়। বিএনপি সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে, তাই তিনি এখনও সুস্থ রয়েছেন।”
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এনসিপির ভবিষ্যতের কথা আগেও বলেছিলাম। এদেশে একটা আসনও এনসিপির পাওয়ার যোগ্যতা নেই।
তারা কিছু আসনের জন্য দেন-দরবার চালিয়ে যাচ্ছে। তবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা চাই এনসিপি সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করুক। তাদের মূল্যায়ন তখন দেশবাসী বুঝবে।’
হুমায়ুন বাবর ফিরোজ বলেন, “যদি বিএনপি তাদের প্রতি কোনো সহানুভূতি দেখায় না, তাহলে সারা দেশে তারা একটি আসনও জিততে পারবে না। নাসিরুদ্দীন পাটওয়ারী যে এলাকায় নির্বাচন করবেন, সেখানে তার জামানত বাজেয়াপ্ত হবে। এনসিপির নীতি নির্ধারকদের উচিত নাসিরের মতো নেতাদের প্রতি কড়া নজর রাখা।”
এসময় জেলা যুবদলের সদস্য মুন্সি আবু জাহিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ইমদাদুল ইসলাম আকুল, সদস্য রাকিবুল ইসলাম, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ