প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ১০:৩১ PM

সংগৃহীত ছবি
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাসটির সামনের অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা হয়নি বলে জানা যায়।
আজ শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান, বাসের ভেতরে তখন প্রায় দশজন যাত্রী ছিলেন, সবাই নিরাপদে নামতে সক্ষম হন। বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
মেট্রোপলিটন গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিনে আগুন লেগেছে। ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।