প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আমি সবসময় শৃঙ্খলায় বিশ্বাসী। নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল দলের ভেতরে শৃঙ্খলা ভাঙার চেষ্টা করছে। অথচ সব ষড়যন্ত্র ব্যর্থ করে ধানের শীষের পক্ষে আনোয়ারা-কর্ণফুলীর নেতাকর্মীরা আজ আরো বেশি ঐক্যবদ্ধ।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন। এর আগে র্যালিটি আনোয়ারা কর্ণফুলী টানেল সংযোগ মোড় থেকে শুরু হয়ে কর্ণফুলীর মিয়ারহাট এলাকায় গিয়ে শেষ হয়।
সরওয়ার জামাল নিজাম আরো বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে যেভাবে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিচ্ছেন, ভবিষ্যতে তার নেতৃত্বে দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব তার মতো নেতৃত্বই সফলভাবে সামলাতে পারে।”
র্যালিতে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, ইকবাল হায়দার চৌধুরী, হারেছ আহমেদ, ফারুক হোসেন, নইমুদ্দিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।