বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত জটিল। যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছে তারা জানে তাদের পেছনে জনগণ নাই। সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলে জনগণের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করতে এসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি ১৭ বছর জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। যে যত কথাই বলুক সকল দল নির্বাচনে অংশ নিবে।” এসময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে মুশফিকুর রহমান আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সোহাগ খান, সাবেক ছাত্রদল নেতা মোবাশির আহমেদ, মামুন আহমেদ, আসাদুজ্জামান ভূঁইয়া গালিব প্রমুখ।