প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:০৫ AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রতনা ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দলের কাশিয়ানী উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।
জানতে চাইলের রওশন আরা রতনা বলেন, ‘লাইজু বেগমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ এসেছিল। দীর্ঘদিন ধরেই তার বিতর্কিত কর্মকান্ডের কারণে স্থানীয় এলাকাবাসী এবং দলের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিলেন। দলের পদ ব্যবহার করে একের পর এক লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো, মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, মারধর অপমান ও হয়রানি করার মতো গুরুতর অভিযোগগুলো আমাদের নজরে আসে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল একটি সুশৃঙ্খল ও জনবান্ধব সংগঠন। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং জনগণের স্বার্থের পরিপন্থী এমন কোনো কাজকে আমরা প্রশ্রয় দিতে পারি না। তাই দলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’
স্বদেশ প্রতিদিন/ আরএফ