প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ AM

সংগৃহীত ছবি
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলায় তার ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন উপদেষ্টা পুলিশকে সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।
আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ড. আসিফ নজরুল নিহত তাওসিফের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনাও করেছেন।
আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, বিচার বিভাগের সব সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।