প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:০১ AM আপডেট: ১৩.১১.২০২৫ ১১:০৫ এএম

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
গতকাল বুধবার (১২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চললেও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অনেকবার শুনানি স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বারবার নিজের ঘনিষ্ঠ মিত্রের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, “আমি ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করি। তবে আমার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রাজনৈতিকভাবে প্রণীত এবং অন্যায়। দীর্ঘ বছর ধরে, বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন।”
ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাইলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে।
চিঠির পর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আপনি সব সময়ের মতো এবারও সত্য কথাটি বলেছেন।”
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি দুর্নীতির মামলা দায়ের হয়। এর মধ্যে এক মামলায় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাত লাখ শেকেল (প্রায় দুই লাখ ডলার) মূল্যের উপহার নেওয়ার অভিযোগ পেয়েছেন। তবে নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।