প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ AM

সংগৃহীত ছবি
কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
এই কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ৮টার পর কিছু যানবাহন সেতু পারাপার হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল এখনও বন্ধ রয়েছে।
অবরোধ চলাকালে নাওডোবা-তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরানো হয় এবং দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং কিছু ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয়রা যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন। অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকার ধোলাইপাড় এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। আতঙ্কে বাস মালিক ও শ্রমিকরা সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাস চলাচল শুরু হবে।”
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে আন্দোলনকারীরা এক কিলোমিটার এলাকায় অবস্থান নেন। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সাড়ে ৮টার পর শরীয়তপুরের কিছু যানবাহন সেতু পারাপার হতে শুরু করে, তবে এক্সপ্রেসওয়েতে চলাচল এখনও বন্ধ রয়েছে।