| শিরোনাম: |

রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে এবং কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাতে এ বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিন রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনেও একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে ফ্যাসিবাদ, গুম, খুন ও লুটপাট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি বিকট শব্দ শোনা যায়।
বিস্ফোরণের পর আশপাশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন, তবে ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করা যায়নি। এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ নাগরিকরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ