টানা ৪০ মিনিট অভিযান পরিচালনা করে সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবলীগ নেতাকে। জানা যায়, গ্রেপ্তার এড়াতে ঘরের নিচে তৈরি করা সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে এমন ঘটনা ঘটে।
গ্রেপ্তার খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের ফারুকীপাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী কর্মকাণ্ডে সরব ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাও আছে।
পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “খোকনকে গ্রেপ্তার করতে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ভোরে খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়।”
তিনি আরো বলেন, “পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেল কোথায়- বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। দীর্ঘ ৪০ মিনিট অভিযান পরিচালনা করার পর তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।”