প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৯:৩৯ PM

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে দুটি ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।
রায়ে ভুক্তভোগী ও তাঁর পরিবার ন্যায়বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর নাটোরের গুরুদাসপুর উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। অপহরণের পর তিনি রাজশাহীর একটি বাসায় আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ঘটনার রাতে ভুক্তভোগীর মা গুরুদাসপুর থানায় ফিরোজ আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করলেও ফিরোজ পালিয়ে যান। ১১ দিন পর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরে জামিনে মুক্ত হয়ে ফিরোজ ভুক্তভোগীর পরিবার ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও অপতৎপরতা চালাতে থাকেন। দীর্ঘ তিন বছর পর এই মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান এলাকাবাসী।
তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জ গঠনের সময় আদালত দুজনকে অব্যাহতি দিয়ে ফিরোজ আহমেদকে একমাত্র আসামি হিসেবে বিচার শুরু করেন। সব সাক্ষ্য-প্রমাণ, তথ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন; পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) মুন্সী আবুল কালাম আজাদ বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট।”
অন্যদিকে আসামিপক্ষের পরিবার জানিয়েছে, “আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে