প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৫:৪১ PM

নান্দাইলে নবযোগদানকারী ইউএনও ফাতেমা জান্নাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার সার্বিক প্রশাসনিক, সামাজিক ও উন্নয়নমূলক পরিস্থিতি সাংবাদিকরা ইউএনওর সামনে তুলে ধরেন। ইউএনও ফাতেমা জান্নাত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আমি পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমার কাজে অনুপ্রেরণা যোগাবে।”
একই সঙ্গে তিনি উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় নান্দাইলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক প্রবাল মজুমদার, জালাল উদ্দিন মণ্ডল, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ।
সভা শেষে ইউএনও ফাতেমা জান্নাত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে নান্দাইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।